শরীরে আঘাতের চিহ্ন
চান্দগাঁওয়ে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি জঙ্গল থেকে মো. হাসান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্নের পাশাপাশি হাতের নখ উপড়ে ফেলার চিহ্নও পাওয়া গেছে। তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জঙ্গলের ভেতরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত হাসানের ঠিকানা নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায়। তবে তার বাবার নাম জানা যায়নি। বর্তমানে তার লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এখনো তার পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













