Cvoice24.com

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৪৫, ২৬ অক্টোবর ২০২৬
রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় জুমখেতে পাকা ধান সংগ্রহ করতে গিয়ে বন্য শূকরের পালের আক্রমণে হরি মনি ত্রিপুরা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হরি মনি ত্রিপুরা ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার সকালে জুমখেতের পাকা ধান সংগ্রহ করতে পাহাড়ে যান হরি মনি। এ সময় হঠাৎ একদল বন্য শূকর তার ওপর আক্রমণ করে। নির্জন পাহাড়ে আশপাশে কেউ না থাকায় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তবে শূকরের পালের আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের সহায়তায় জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় বলে জানান জন ত্রিপুরা।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার পারিবারিকভাবে হরি মনি ত্রিপুরার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, স্থানীয়রা জুমখেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর তাকে বিষয়টি জানান।

চেয়ারম্যান জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। তবে তিনি ঘটনাটি ইউএনও ও রাজস্থলী থানাকে জানানো হয়েছে বলে জানান। 

পাহাড় সব খবর