Cvoice24.com

রামগড়ে শহীদ মজিদের পরিবারের বাড়ি নির্মাণে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা 

রামগড় প্রতিনিধি
১৯:৩৭, ২০ অক্টোবর ২০২৬
রামগড়ে শহীদ মজিদের পরিবারের বাড়ি নির্মাণে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা 

খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মো. মজিদ হোসেনের পরিবারের বাড়ি নির্মাণে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে মজিদের বাড়িতে গিয়ে তার বাবা আমিন মিয়ার হাতে এ অর্থ তুলে দেন জামায়াত নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মৌমিন।

সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ মজিদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, মানিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, গুইমারা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম ও রামগড় উপজেলা জামায়াতের আমির ফয়জুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে জামায়াত নেতারা মজিদের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চাঁদপুরের হাজীগঞ্জ রেললাইনের পাশে একটি খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন ট্রাকের হেলপার মো. আবদুল মজিদ হোসেন।

এ ঘটনায় তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই বিকালে তার মৃত্যু হয়।