প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুলিশের বিশেষ প্রস্তুতি
সিভয়েস২৪ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সিএমপি কমিশনার বলেন, 'প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে গুরুত্ব দিতে হবে।'
তিনি আরও বলেন, 'যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।'
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















