Cvoice24.com

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২৬, ১৯ অক্টোবর ২০২৬
বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে মো. এহসান প্রকাশ হাসান (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এলাকার নেজাম উদ্দীন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে এহসানকে তুলে নেওয়া হয়।

নিখোঁজ এহসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি এহসানের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। তাদের মধ্যে দুজন দোকানে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন। তাদের পোশাকে এসআরবির লোগো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে লোগোটি ভুয়া বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে এহসানকে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ও নিখোঁজ এহসানের বড় ভাই হোসাইন জানান, তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, এসআরবি পরিচয়ে যারা এহসানকে নিয়ে গেছেন, তারা প্রকৃত এসআরবি সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছেন, সে বিষয়ে তারা কিছু জানেন না।

এহসানের পরিবারের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, এহসানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দীন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন আহমেদ জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা বাহিনীর প্রকৃত সদস্য নন। বিষয়টি নিয়ে তারাও তদন্ত শুরু করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।