Cvoice24.com

মিরসরাইয়ে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:১৯, ১৯ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত প্রিয়াঙ্কা দাশ উত্তর আমবাড়িয়া এলাকার দাস বাড়ির পলাশ দাশের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। সোমবার সকালে পুকুরে গোসল করতে নামলে ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। এতে তিনি পুকুরে পড়ে যান।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা না করার কথা জানিয়েছে পরিবার।

এদিকে, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাদের অফিসে কোনো অভিযোগ আসেনি। 

কয়েকজন গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে ফোন করেছিলেন। তবে বিদ্যুৎ সরবরাহ বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে। সোমবার সকালে ফোনে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর