পরিত্যক্ত ভবন থেকে লুট হওয়া টরাস পিস্তল ৮ রাউন্ড গুলিসহ উদ্ধার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের ডবলমুরিংয়ে একটি পরিত্যক্ত শিক্ষা ভবন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং মডেল থানার আওতাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে অভিযানে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ পিস্তলটি, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













