Cvoice24.com

বিদ্যানন্দের ‘৫ টাকার পুজার বাজার’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩৭, ১৭ অক্টোবর ২০২৬
বিদ্যানন্দের ‘৫ টাকার পুজার বাজার’

দুর্গাপূজার আনন্দে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সাম্য, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘৫ টাকার পুজার বাজার’। এ বাজার থেকে নামমাত্র মূল্যে পূজার প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পেয়েছেন মহানগরের নিম্ন আয়ের প্রায় ৫০০টি পরিবার।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। উৎসবের আনন্দ যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষ যেন এতে অংশ নিতে পারে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘৫ টাকার পুজার বাজার’ একটি মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সাম্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। তবে আর্থিক সংকটের কারণে অনেক নিম্ন আয়ের পরিবারের পক্ষে উৎসবের প্রয়োজনীয় কেনাকাটা করা কঠিন হয়ে পড়ে। অর্থের অভাবে কোনো পরিবার যেন পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ আয়োজন।

তিনি বলেন, ‘৫ টাকার পুজার বাজার’ শুধু নামমাত্র মূল্যে কেনাকাটার আয়োজন নয়; এটি মানুষের মর্যাদা, সাম্য ও সম্প্রীতির প্রতীক। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

বাজার থেকে কেনাকাটা করতে আসা এক নারী উপকারভোগী বলেন, সংসারের ব্যয় মেটাতেই তাদের অনেক কষ্ট করতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পর পূজার জন্য আলাদা করে খরচ করা কঠিন হয়ে পড়ে। এ বাজার থেকে কম দামে পূজার সামগ্রী কিনতে পেরে তিনি আনন্দিত। তার মতো নিম্ন আয়ের পরিবারের মানুষও এ উদ্যোগের কারণে পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, ধর্মীয় ও সামাজিক উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ ও আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের উৎসব উদ্যাপনের সুযোগ নিশ্চিত করার বার্তা নিয়েই আয়োজন করা হয়েছে ‘৫ টাকার পুজার বাজার’।