নাফ নদীতে গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে মরদেহটি নৌকা থেকে তীরে এনে পুলিশকে খবর দেওয়া হয়।
জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন বলেন, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জাদিমুরা এলাকায় নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার সব খবর















