Cvoice24.com

বনকর্মীদের ওপর হামলার চেষ্টা
উখিয়ায় ৯ বক উদ্ধার, আটক ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৭, ১৩ অক্টোবর ২০২৬
উখিয়ায় ৯ বক উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বক শিকারিদের কাছ থেকে নয়টি বক পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় তারেক (২০) নামে এক তরুণকে আটক করা হয়েছে। অভিযানের সময় বনকর্মীদের ওপর সশস্ত্র হামলার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বন বিভাগের কর্মীরা। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উখিয়া বন রেঞ্জের মাছকারিয়া ডেবায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

আটক তারেক উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকার ইছাম্মতের ছেলে।

আরও পড়ুন:- উখিয়ায় শিকারিদের ফাঁদে আটকা ১২ বক উদ্ধার

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের উপস্থিতি টের পেয়ে বক শিকারিরা বনকর্মীদের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আত্মরক্ষায় বন বিভাগের কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে নয়টি বক পাখি উদ্ধার করা হয় এবং তারেককে আটক করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে নয়টি বক পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) উখিয়া রেঞ্জের মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে আটকে থাকা ১২টি বক উদ্ধার করা হয়। এ সময় বক শিকারে ব্যবহৃত ফাঁদ, জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি ধ্বংস করা হয় শিকারিদের ব্যবহৃত আস্তানাও।

ফাঁদ থেকে মুক্ত ২৪ বক, উখিয়ার আকাশে ফিরল প্রাণ

এরও আগে, গত ২ অক্টোবর একই উপজেলার ঘাট বিট এলাকায় অভিযান চালিয়ে শিকারিদের ফাঁদে আটকে থাকা ২৪টি বক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের সদস্যরা পৌঁছানোর আগেই শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


 

কক্সবাজার সব খবর