Cvoice24.com

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে নতুন ভিসি, শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রতিনিধি, সিভয়েস২৪
১২:২৩, ১২ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে নতুন ভিসি, শিক্ষার্থীদের আল্টিমেটাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। তার ক্যাম্পাসে প্রবেশ ও দপ্তরে অবস্থানের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকে ঝোলানো তালা ভেঙে নিজের কার্যালয়ে যান তিনি।

এদিকে নতুন উপাচার্যের প্রবেশের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদে উপাচার্য ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন না ছাড়লে ভবনটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করা হবে। একই সঙ্গে ভবনের ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করারও ঘোষণা দিয়েছেন তাঁরা। এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের প্রধান ফটকে নিজেকে ‘শিক্ষক’ পরিচয় দিয়ে প্রবেশ করেন নতুন উপাচার্য। পরে তাকে বরণ করে নেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনসহ সংগঠনটির নেতারা।

এ বিষয়ে চুয়েট শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত বলেন, ‘আমরা একসঙ্গেই ভেতরে প্রবেশ করেছি।’

দপ্তরে প্রবেশের পর নির্ধারিত চেয়ারে বসে কার্যালয়ে অবস্থান করেন অধ্যাপক শেখ শরীফুল আলম।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।

নতুন উপাচার্যের নিয়োগের প্রতিবাদে এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশাপাশি একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। আন্দোলনের কারণে টানা ২০ দিন ধরে চুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে আন্দোলনের কারণে এত দিন তাঁকে ক্যাম্পাসে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে দেখা যায়নি।

নতুন উপাচার্যের দপ্তরে প্রবেশ এবং শিক্ষার্থীদের নতুন আল্টিমেটাম ঘিরে চুয়েটে চলমান অচলাবস্থা আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ক্যাম্পাস সব খবর