চবিতে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং চাকসুর জিএস ও ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। স্বাগত বক্তব্য দেন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা। সমাপনী বক্তব্য দেন চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।’
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।’ এই পরিস্থিতি পরিবর্তনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানসহ দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বলেন, ‘তরুণ ও মেধাবীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। যোগ্য ও সফল উদ্যোক্তা হতে পারলে চাকরির পেছনে ছুটতে হয় না, বরং চাকরি নিজেই উদ্যোক্তার পেছনে ছুটে আসে।’
তিনি আরও বলেন, ‘শুধু বিসিএস ক্যাডার বা বড় পদমর্যাদা অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না। একজন অসৎ কর্মকর্তার চেয়ে নীতিবান, আদর্শবান ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপন করা বেশি মর্যাদাপূর্ণ।’
ক্যাম্পাস সব খবর















