নতুন ভিসির যোগদান প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে মিছিলটি শুরু হয়। দুপুর ২টার দিকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা নতুন উপাচার্যের যোগদানের বিষয়ে নিজেদের অবস্থান জানান। পাশাপাশি পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেন।
মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, ‘গতকাল আমরা জেনেছি, উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। গতকাল আমাদের শিক্ষকেরা রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।’
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্দোলনের মধ্যেই অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে চুয়েটের উপাচার্য পদে যোগদান করেন। তিনি জানান, শিক্ষা সচিব তার যোগদান গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর আগে ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।
অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতিও। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসান উল্লাহ বলেন, তারা নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে চান না এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান।
ক্যাম্পাস সব খবর















