সুয়াবিলে মদের আড্ডায় পুলিশ, কারাগারে রুবেল
প্রতিনিধি, সিভয়েস২৪
রাতের নীরবতা ভেঙে তখন জমে উঠেছিল ‘আড্ডা’। তবে আড্ডার বিষয় চা কিংবা গল্প নয়—দেশীয় ছোলাই মদ! সেই আড্ডায় বেরসিক পুলিশ হাজির হলে মুহূর্তেই তা রূপ নেয় ‘কে আগে পালাবে’ প্রতিযোগিতায়। তবে সবাই পালাতে পারলেও শেষ রক্ষা হয়নি রুবেল (৩৮) নামে এক যুবকের। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে কারাগারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুয়াবিল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূজপুর থানা-পুলিশ সহযোগিতা করে। এ সময় সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ছোলাই মদ পানরত অবস্থায় রুবেলকে আটক করা হয়।
আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














