পটিয়ায় শ্রীমাই খালে অচেনা মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি এলাকার সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে শ্রীমাই খালের পানিতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পটিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে কালচে রঙের প্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশে কাদা ও জলজ উদ্ভিদ লেগে ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
ছনহরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল হক জানান, সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তিকে এলাকার কেউ বলে মনে হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














