গাছবাড়ীয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার ঘোষণা
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এক সপ্তাহের মধ্যে একটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমদাদ হোসাইন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এর মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এরপর জসীম উদ্দীন আহমেদ নিজ উদ্যোগে এক সপ্তাহের মধ্যে একটি বাস দেওয়ার ঘোষণা দেন। কলেজের অন্যান্য সমস্যাগুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে জসীম উদ্দীন আহমেদ বলেন, অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অংশ নিতে হবে। নতুন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
পরে তিনি নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল ও কলম তুলে দিয়ে তাঁদের বরণ করে নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া এবং প্রভাষক খুরশীদ জাহান।
অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














