চট্টগ্রাম সার্কিট হাউজে পানিসম্পদ মন্ত্রী এ্যানি
‘১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে বা মাসে শেষ করা যাবে না’
সিভয়েস২৪ প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিকতা ইচ্ছা করলেই ১৭ দিন বা ১৭ মাসে পুরোপুরি শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের মহৎ উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘খুব রিসেন্টলি দেখেছেন, পার্লামেন্টেও আপনারা দেখেছেন, অনেক বিষয়ে নতুন আইন হয়েছে, আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ইচ্ছা করলে ১৭ দিনে অথবা ১৭ মাসেই পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে- এ কথা আমি বলব না। তবে আমাদের মহৎ উদ্যোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটির আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।’
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সভায় কোথায় চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক রয়েছে- এসব নিয়ন্ত্রণে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এ্যানি বলেন, ‘আমরা খুব শক্তভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করছি। সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করেছি এবং করব।’
অবৈধ অস্ত্র ও মাদকের পাশাপাশি পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়গুলোও আইনশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা ও বালু উত্তোলন সংক্রান্ত কিছু বিশেষ কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘জেলাটি দেশের ঐতিহ্যবাহী ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে, যাতে চট্টগ্রাম নগর ও জেলায় মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন।’
এ সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গও তোলেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ‘এসব মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিরা সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














