সিএমপির তিন থানার ওসি পদে রদবদল
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একসঙ্গে রদবদল করা হয়েছে। কোতোয়ালী, বাকলিয়া ও ডবলমুরিং থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন কর্মকর্তা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর ডবলমুরিং মডেল থানার ওসি শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে, ডবলমুরিং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সলকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














