Cvoice24.com

চকবাজারে পোস্টার-ব্যানার অপসারণ, বালু-কংকর জব্দ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
চকবাজারে পোস্টার-ব্যানার অপসারণ, বালু-কংকর জব্দ

চট্টগ্রাম মহানগরের চকবাজারের গুলজার মোড় এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে সিরাজদৌলা রোডের প্যারেড কর্ণার এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। এ সময় মালিকানাবিহীন প্রায় ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

চসিক জানায়, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজদৌলা রোডের প্যারেড কর্ণার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় একজনকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।

এদিকে নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে চকবাজারের গুলজার মোড় এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

চসিক জানায়, সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং অনুমোদনহীন পোস্টার-ব্যানার স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর