Cvoice24.com

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, ফেসবুক পোস্টে চবি ছাত্রদল নেতাকে শোকজ

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, ফেসবুক পোস্টে চবি ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে সাজ্জাদ হোসাইনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সাজ্জাদ। সেখানে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

পোস্টটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় আসে। পরে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাঁকে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ‘হ্যাঁ, শোকজের ঘটনাটি সত্য। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের প্রতি আমি সবসময় অনুগত। নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রকে ব্যাখ্যা দেব।’

এদিকে, দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এবং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা। অর্থাৎ ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ২০ টাকা এবং পেট্রল ও অকটেনে ২০ টাকা করে দাম বাড়ানো হয়েছে।