Cvoice24.com

তিন ঘণ্টা পর মিলল কাপ্তাইয়ের নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:২২, ২০ সেপ্টেম্বর ২০২৬
তিন ঘণ্টা পর মিলল কাপ্তাইয়ের নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কাপ্তাইয়ের সীতার ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন সানম। এ সময় স্রোতের টানে তিনি গভীর পানিতে তলিয়ে যান।

সানম নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকালে কাপ্তাইয়ে পৌঁছায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে নামেন তারা।

সানম নিখোঁজ হওয়ার পর কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর তার লাশ উদ্ধার করা হয়।