Cvoice24.com

ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-টাকা লুট 

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-টাকা লুট 

চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাতদল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের সদস্য জুবায়দুল ইসলাম জানান, রাতের কোনো একসময় ১০ থেকে ১২ জনের ডাকাতদল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় তারা।

একপর্যায়ে ডাকাতরা পরিবারের কাছ থেকে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির জন্য ঘরে রাখা আড়াই লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

জুবায়দুল ইসলাম আরও জানান, ডাকাতদল দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশে ডাকাতদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।

প্রবাসী খোরশেদুল আলম বলেন, ‘ডাকাতেরা ঘরে ঢুকেই আমার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর