মিয়ানমারে পাচারের সময় সার-রসুন-পেঁয়াজসহ বোট জব্দ, আটক ১০
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা (১২ টন) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩ হাজার ৮০০ কেজি) রসুন ও ৯০ বস্তা (৪ হাজার ৫০০ কেজি) পেঁয়াজ পাওয়া যায়।
কোস্ট গার্ডের দাবি, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বোটে থাকা ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
কক্সবাজার সব খবর















