লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোহাম্মদ হারুন (ড্রাইভার) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত হারুন উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর লোহাগাড়ার আধুনগর খাঁস মহাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হারুন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দাফন করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












