Cvoice24.com

বিআরটিএতে ২ দালালের কারাদণ্ড

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিআরটিএতে ২ দালালের কারাদণ্ড

চট্টগ্রামে দালালির অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। তাদের একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চট্টমেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।

জানা যায়, অভিযানের সময় বিআরটিএ কম্পাউন্ড থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মোহাম্মদ হাসানকে ২৫ দিন এবং মোহাম্মদ ইমরানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একইদিনে নগরের বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে আরও দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১১টি মামলা করা হয়েছে।

মামলাগুলোতে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপও আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, ‘বিআরটিএতে দুই দালালকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’