সীতাকুণ্ডে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ৭ দিনে আক্রান্ত ২৪
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফসান মোহাম্মদ। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর তীব্র জ্বর নিয়ে নগরীর মেরন সিটি হাসপাতালে ভর্তি হন রাফসান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ সেপ্টেম্বর ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘মাত্র কয়েক দিনের জ্বর যে এভাবে একজনের প্রাণ কেড়ে নেবে, তা ভাবতেও পারিনি। আমরা আমাদের প্রিয় স্বজনকে হারিয়েছি। আর কোনো পরিবার যেন এমন শোকের মুখোমুখি না হয়।’
এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাত দিনে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সরকারি ওষুধপত্রও মজুত রয়েছে।
তিনি বলেন, শুধু হাসপাতালে চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
সীতাকুণ্ড পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ‘পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণ করছেন। পাশাপাশি নির্মাণাধীন ভবন ও ড্রেনে মশার লার্ভিসাইড স্প্রে জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












