সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, শিক্ষিকার মৃত্যু; মালামালসহ গ্রেপ্তার ২
সিভয়েস২৪ ডেস্ক
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই করা মালামালের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল, মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।
মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
জাতীয় সব খবর















