মিয়ানমারগামী সিমেন্টের চালান ধরা পড়ল পতেঙ্গায়, আটক ৫
সিভয়েস২৪ প্রতিবেদক
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ পাচারে ব্যবহৃত কার্গো বোট এবং পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের পরিমাণ ৩৭ হাজার ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











