বিষপানে অসুস্থ নারীর ৯ দিন পর মৃত্যু, নানা প্রশ্ন
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অঞ্জনা দাশ (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অঞ্জনা দাশ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়ার সেবাখোলা বটতল এলাকার সতীশ মাস্টারের বাড়ির কাঞ্চন দাশ ওরফে লাল সাধুর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন অঞ্জনা দাশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অঞ্জনা দাশের বিষপানের কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, বেশ কিছুদিন ধরে এক ব্যক্তির সঙ্গে তার কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা ও গুজব চলছিল।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন, এসব আলোচনা ও সামাজিক চাপ তার ওপর কোনো মানসিক প্রভাব ফেলেছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অঞ্জনা দাশের মৃত্যুর পর তার পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তার বিষপানের প্রকৃত কারণ কী ছিল, এর পেছনে কারও প্ররোচনা ছিল কি না কিংবা অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত কারণ রয়েছে কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














