খুলশীতে গ্রেপ্তার সেই ৬৩ বিদেশির সাতদিনের রিমান্ড চায় পুলিশ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুনানি হবে।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের কারও কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায়নি।
গ্রেপ্তার ৬৩ জনের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী। তাদের সঙ্গে একটি শিশুও ছিল।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দেড় মাস ধরে ওই ভবনে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিলেন। তবে তারা কোন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বিদেশি নাগরিকদের অবস্থানের তথ্য উদঘাটনের ঘটনায় মোহাম্মদ মহসিন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, বিদেশিদের থাকার জন্য খুলশীর ওই আটতলা ভবনটি মহসিনই ভাড়া করে দিয়েছিলেন। তাদের পাসপোর্টও তার কাছে জমা ছিল বলে পুলিশের দাবি।
এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
পুলিশের একটি সূত্র বলছে, কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের একটি পার্সেলের সূত্র ধরে ওই বিদেশিদের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













