Cvoice24.com

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক সংঘবদ্ধ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর সাকিনের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে টেস্টার মোবারককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি কাঠের বাটযুক্ত ধারালো তরবারি, দুটি রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ এবং একটি লোহার রড।

অভিযানের বিষয়ে ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মাঠ পর্যায়ে অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) শেখ মো. ইয়াছিন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেবিড ইমন এবং কালা মোবারকের অন্যতম সহযোগী। সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা গহিন জঙ্গলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার টেস্টার মোবারক ও পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।