শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত, পরে শিশুটিরও মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের ষোলশহর এলাকায় রেললাইনে খেলতে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ১০ বছর বয়সী মো. রাহাতও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশ জানায়, গেট-২ লেভেল ক্রসিং পার হয়ে ষোলশহরের দিকে যাচ্ছিল ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এ সময় ষোলশহর এলাকায় একটি সেতুর ওপর দুই শিশু রেললাইনে খেলছিল। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে শিশু দুটিকে সরিয়ে নিতে ছুটে যান মিন্টু। এ সময় অন্য এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে সেতুর নিচের খালে লাফ দেন। অপর শিশুটিকে বাঁচাতে গিয়ে মিন্টু ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাহাত গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি পেশায় বিদ্যুতের মিস্ত্রি ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













