Cvoice24.com

লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন— কক্সবাজার সদর থানার খুরুশকুল এলাকার মো. আবুল কালামের ছেলে মো. তারেকুল ইসলাম (২৬) এবং একই এলাকার আহম্মেদ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ফোটন পিকআপটি (চট্টমেট্রো-ন-১২-০৬৩৪)চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আটক দুজনের দেখানো মতে এবং তাদের নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে চালকের আসনের পেছনের একটি পকেটে বিশেষ কৌশলে লুকানো পলিথিনের একটি পুটলি উদ্ধার করা হয়।

পরে পুটলির ভেতর থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ‘মেইড ইন ইউএসএ’ লেখা ৭ দশমিক ৬৫ এমএম একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গ্রেপ্তার দুজন কক্সবাজারের খুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে পিকআপে উঠেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো তারা পরিবহন করছিলেন।

পুলিশ পরিদর্শক বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়।