Cvoice24.com

পুলিশি নিরাপত্তায় ৫ ঘণ্টার প্রতিশ্রুত মুক্তিতে চিন্ময় কৃষ্ণ দাস

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশি নিরাপত্তায় ৫ ঘণ্টার প্রতিশ্রুত মুক্তিতে চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাঁর মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে (প্রতিশ্রুত) মুক্তি পাচ্ছেন। কড়া পুলিশি পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে সেখানে নেওয়া হবে এবং পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে হাটহাজারীর পুণ্ডরিক ধামে তাঁর মা সন্ধ্যা রাণী ধরের (৭১) মৃত্যু হলে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

জানা যায়, ৭১ বছর বয়সী সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁদের আদি বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে। মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে ছেলের উপস্থিতির জন্য ভাই অঞ্জন কুমার ধর এই প্যারোলের আবেদন করেন।

​মানবিক দিক বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করেন উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, 'মায়ের শেষকৃত্যে ছেলের অংশগ্রহণের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল অনুমোদন করা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে হাটহাজারীর পুণ্ডরিক ধামে নেওয়া হবে।'

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন জানান, জেলা প্রশাসনের কার্যালয় থেকে চূড়ান্ত অনুমতি এবং পুলিশি স্কট এলেই তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হবে। তবে কারাগার থেকে পুণ্ডরিক ধামের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হওয়ায় সড়কপথে যাতায়াত করতে হবে।

যাতায়াতের প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চিন্ময়ের প্যারোলে মুক্তির পর তাকে হাটহাজারীতে আনা হবে। পুণ্ডরিক ধামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত রিজার্ভ ফোর্স আনা হচ্ছে।’

​চিন্ময় কৃষ্ণ দাসের এই প্যারোলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) কাজী আমিনুর রশিদ বলেন, 'খবর পাওয়ার পর থেকেই মাঠ পর্যায়ের সব সদস্যকে অ্যালার্ট করা হয়েছে এবং বন্দিকে আনা-নেওয়ার পুরো রুটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।'