Cvoice24.com

চায়ের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, আটক ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:০২, ১১ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, আটক ২

কক্সবাজারের পেকুয়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০২টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে এ অভিযান চালানো হয়। 

আটক দুজন হলেন— টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী সালাহ উদ্দিন এবং একই এলাকার রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২টি ইয়াবা বড়ি ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা এবং জয়নাল আবেদীনের কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে জহির উদ্দিন নামের আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তিনি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং ধনিয়াকাটা স্টেশনের একজন চায়ের দোকানি।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১০২টি ইয়াবা বড়ি ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছেন।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা ধনিয়াকাটা স্টেশনে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।