Cvoice24.com

দেড় লাখ ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, টেকনাফে ধরা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
দেড় লাখ ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, টেকনাফে ধরা

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ হেলাল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উনচিপ্রাং এলাকার জসিমের ঘের থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হেলাল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের সোলেমানের ছেলে।

বিজিবি জানায়, ওই এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আসছে গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই বিশেষ টহল দল মোতায়েন ছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে দুজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। 

এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে হেলালকে আটক করতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার হেলালকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।