Cvoice24.com

৩ ড্রেজারসহ ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, ২ জনের কারাদণ্ড
ফটিকছড়িতে অবৈধ বালু মহাল ও মাদকের বিরুদ্ধে অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে অবৈধ বালু মহাল ও মাদকের বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন জানায়, অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

এদিকে একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ভূজপুর এলাকার আজিমপুর ৯ নম্বর ওয়ার্ডে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাদকদ্রব্য পরে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শফিউল আলমের ছেলে মো. ইমন (১৯) এবং ফারুক উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৩)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর