Cvoice24.com

নামাজে বের হওয়ার সময় ডাকাতের হানা, পরিবার জিম্মি করে টাকা-স্বর্ণ লুট

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৬
নামাজে বের হওয়ার সময় ডাকাতের হানা, পরিবার জিম্মি করে টাকা-স্বর্ণ লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বসতঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদূর পাড়া এলাকায় জাকারিয়া, আলমগীর ও জাহেদ সাহেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী মো. আলমগীর বলেন, ‘ফজরের নামাজ পড়তে চার ভাই বাড়ি থেকে বের হওয়ার সময় মুখোশধারী একদল ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।’

তিনি বলেন, ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ৬ লাখ টাকা, সাড়ে ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের নারী সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।

স্থানীয়রা জানান, এলাকায় এ ধরনের ঘটনা ঠেকাতে রাতের টহল জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর