পেকুয়ায় চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম, ‘চোরা মুবিন’কে গণপিটুনি
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মুবিন (৩০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পেকুয়া পৌরসভার প্রস্তাবিত ৫ নম্বর ওয়ার্ডের বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মুবিন বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার নুর হোসেনের ছেলে। তিনি বাইম্যাখালী এলাকায় তার নানার বাড়িতে বসবাস করেন।
আহতরা হলেন— বাইম্যাখালী এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে ছোটন (১৭) ও মৃত মনজুর আলমের ছেলে আশকর আলী (২৮)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির আঙিনায় চলাচলের সুবিধার্থে রাস্তার পাশে স্তূপ করে রাখা বালু সরিয়ে নেওয়ার সময় মুবিন সেখানে গিয়ে ছোটনের কাছে রাস্তায় বালু রাখার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মুবিনের হাতে থাকা ধারালো দা দিয়ে ছোটনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ছোটনের চিৎকার শুনে তার চাচা আশকর আলী এগিয়ে এসে তাকে হামলাকারীর হাত থেকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় মুবিন তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে আশকর আলীর তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
পরে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে দুজনকে কুপিয়ে আহত করার পর মুবিন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, মুবিন একজন মাদকাসক্ত যুবক। তিনি নিয়মিত ইয়াবা সেবন ও চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এলাকায় তিনি ‘চোরা মুবিন’ নামে পরিচিত।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সব খবর














