Cvoice24.com

লক্ষ মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে সীরাত মাহফিল শেষ চুনতীতে 

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে সীরাত মাহফিল শেষ চুনতীতে 

দরুদ-সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) শেষ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়, ঐক্য ও মানবিকতা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) প্রবর্তিত এই মাহফিলের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।

সমাপনী বক্তব্যে মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত ১৯ দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে সীরাতের এই আয়োজন আরও বিস্তৃত ও সুসংগঠিত করার কথা বলেন।

সমাপনী দিনের দরসে হাদিসে ‘হযরত মু’আয (রা.)-কে প্রদত্ত রাসূল (সা.)-এর ১০টি অসিয়ত’ বিষয়ে আলোচনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী।

‘বিদায় হজে রাসূল (সা.)-এর প্রদত্ত ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ.ফ.ম. খালেদ হোসাইন। ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা’ বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি.এম. মুফিজুর রহমান আজহারী।

এ ছাড়া ‘শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)’ বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের। ‘ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা এবং অনৈক্যের কারণ ও পরিণতি’ বিষয়ে আলোচনা করেন ঢাকার মুফতি মাওলানা আলী হাসান ওসামা।

বক্তারা বলেন, ইসলাম শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) মানবিকতা, ন্যায়, সাম্য ও ঐক্যের যে শিক্ষা দিয়েছেন, তা অনুসরণের মাধ্যমে সমাজের বিভাজন ও অশান্তি দূর করা সম্ভব।

মাহফিলে ‘ইসলামের শ্রেষ্ঠত্বের প্রামাণ্য’, ‘কামিল মুরশিদের পরিচয় ও গুণাবলি’, ‘আল-কোরআন ও বিজ্ঞান’, ইবাদত ও নামাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দেশের আলেম ও ইসলামি চিন্তাবিদেরা।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর