Cvoice24.com

ডেঙ্গু কেড়ে নিলো শিশু আবরারের প্রাণ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিলো শিশু আবরারের প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৮ বছরের শিশু আবরারের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া শিশুর নাম আবরার। সে মহানগরের হালিশহর এলাকার বাসিন্দা।

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর চমেক হাসপাতালে ভর্তি হয় শিশুটি। পরে ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে’ তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩৫ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন, বিআইটিআইডিতে ২৯ জন, জেনারেল হাসপাতালে ১৭ জন এবং সিএমএইচ চট্টগ্রামে ১১ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৬৯ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৪৮ জন সরকারি হাসপাতালে এবং ছয়জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালের মধ্যে চমেকে ২৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইজন ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরে চট্টগ্রামে মোট ২ হাজার ৭৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৪১৬ জন। এ পর্যন্ত মারা যাওয়া ১০ জনের মধ্যে চমেকে দুইজন, জেনারেল হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাতজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর