বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
বিয়ের অনুষ্ঠান শেষে হাসিমুখে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। কেউ হয়তো দিনের আনন্দের গল্প করছিলেন, কেউ ভাবছিলেন আপনজনদের সঙ্গে আবার কবে দেখা হবে। কিন্তু সেই ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল চারটি প্রাণ।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন একই পরিবারের দুই ভাই-বোন, তাদের মামা ও মাইক্রোবাসচালক। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মনজুর আলমের ছেলে, কনের ভাই নিয়াজ মোর্শেদ(২২), কলেজ পড়ুয়া ছোট বোন মিমতাহ (১৭),তাদের মামা পোকখালী ইউনিয়নের পশ্চিম গেমাতলী চরপাড়ার মৃত আবদুল করিমের ছেলে ফিরোজ আলম(৫৮) এবং কক্সবাজার সদরের নাপিতখুলির ঘুনারপাড়া এলাকার মোস্তাক আহমেদের ছেলে মাইক্রোবাসচালক হাসান মাহমুদ মুন্না (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রাম মহানগর থেকে দ্রুতগতিতে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাইক্রোবাসে চালকসহ মোট ১১ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জন যাত্রী ও একজন চালক। যাত্রীদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দুজন হলেন— কক্সবাজারের ঈদগাঁও মাইজপাড়ার বাসিন্দা মীর কাশেম (৬০) ও শামসুল আলম (৫৫)।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













