Cvoice24.com

কাপ্তাইয়ে ১৩২ কেভি সঞ্চালন লাইনের তার ঝুলছে ২০ ফুট উচ্চতায়, আতঙ্কে অর্ধশত পরিবার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাপ্তাইয়ে ১৩২ কেভি সঞ্চালন লাইনের তার ঝুলছে ২০ ফুট উচ্চতায়, আতঙ্কে অর্ধশত পরিবার

রাঙামাটির কাপ্তাইয়ে ১৯৬৩ সালে স্থাপিত জাতীয় গ্রিডের ১৩২ কেভি (১ লাখ ৩২ হাজার ভোল্ট) উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার শীলছড়ি ওয়াপদা এলাকা সংলগ্ন ৯২৩ ও ৯২৪ নম্বর পিলারের তার হেলে পড়ে মাটি থেকে মাত্র ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় ঝুলে রয়েছে। এতে ওই লাইনের নিচে ও আশপাশে বসবাসকারী অর্ধশত পরিবার আতঙ্কে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ষাটের দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য এই সঞ্চালন লাইন স্থাপন করা হয়। প্রতিষ্ঠার সময় লাইনটি নির্ধারিত উচ্চতায় ছিল। তবে ছয় দশকের বেশি সময় ধরে পুরোনো এই সঞ্চালন লাইনে বড় ধরনের সংস্কারকাজ হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে পিলারগুলোর অবস্থা নাজুক হয়েছে এবং তারের ভারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার নিচের দিকে নেমে এসেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্চ ভোল্টেজের এসব তারের নিচ দিয়েই প্রতিদিন সাধারণ মানুষ চলাচল করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি কৃষিজমিতে যাতায়াতের পথও রয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দীন বলেন, ‘সামান্য ঝড়-বৃষ্টি হলেই গাছের ডালপালা বা পাতা তারের ওপর পড়ে বিকট শব্দে শর্টসার্কিট হয়। কয়েক বছর আগে এ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল নামের এক ব্যক্তি মারা গেছেন বলেও জানান তিনি। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সঞ্চালন লাইনের তারগুলো আরও উঁচুতে তুলে নিরাপদ দূরত্বে নেওয়ার দাবি জানান তিনি।’

সরেজমিনে শীলছড়ি ওয়াপদা এলাকায় দেখা যায়, জনবসতিপূর্ণ এলাকা ও চলাচলের রাস্তার ওপর দিয়ে সঞ্চালন লাইনের তারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্ট স্থানীয় দপ্তরকে জানানো হলেও এখনো স্থায়ী কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙামাটি পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী সুবীর কান্তি নাথ বলেন, সঞ্চালন লাইন স্থাপনের সময় ওই এলাকায় কোনো বসতি ছিল না। এ কারণে টাওয়ারগুলো তুলনামূলকভাবে দূরত্ব রেখে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ছয় দশকের বেশি সময় পর দূরত্বের কারণে লাইনটি কিছুটা নিচে নেমে গেছে।

সুবীর কান্তি নাথ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। কিছুদিন আগে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত পর্যবেক্ষণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে কাজটি করতে কিছুটা সময় লাগবে। কারণ, সংস্কারকাজের আগে প্রয়োজনীয় কারিগরি বিষয় যাচাই-বাছাই করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে হবে। দরপত্রের পর কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, সঞ্চালন লাইনটি সিদ্ধিরগঞ্জ পর্যন্ত গেছে। ইতিমধ্যে হাটহাজারী থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইনের সংস্কারকাজও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগে কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার ৯২৩ ও ৯২৪ নম্বর পিলারসহ ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের জীবনঝুঁকি কমবে।