কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট ও ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেটিঘাট বাজারের ‘লেক হ্যাভেন হোটেল’-এর রান্নাঘরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মালিক মো. সোহেলকে (৪০) ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর ৫১ ধারায় এ জরিমানা করা হয়।
অন্যদিকে, নতুনবাজার এলাকার ‘মিজান কুলিং কর্নার’-এর মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদত এবং কাপ্তাই থানার এসআই মো. তানভীরের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পাহাড় সব খবর















