Cvoice24.com

দুই ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
২১:৪১, ২৯ আগস্ট ২০২৬
দুই ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শনিবার রাত ১০টায় জলকপাটগুলো খোলার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে হ্রদের পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই গেটগুলো খুলে দেওয়া হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এর আগে জানানো হয়েছিল, হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ের গেট খোলার সময় ও পরিমাণে পরিবর্তন আনা হতে পারে। ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চলছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে অতিরিক্ত প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হলেও এতে কর্ণফুলী নদীতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে নদীতে জোয়ারের সময় পানির উচ্চতা বেড়ে গেলে তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে।

হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজান থেকে পানির প্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাহাড় সব খবর