Cvoice24.com

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার

সিভয়েস২৪ ডেস্ক
১২:২৯, ৩১ আগস্ট ২০২৬
চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলায় আসামি থাকার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে জামিনের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও আলমগীর চৌধুরী অভিযুক্তদের তালিকায় রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে পুলিশের এ বক্তব্যের বিষয়ে ভিন্ন দাবি করা হয়েছে। আলমগীর চৌধুরীর পরিবারের দাবি, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার বাদী ইতিমধ্যে আদালতে আপসনামা দিয়েছেন।

আলমগীর চৌধুরীর ভাই বিটু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় তার ভাইকে আসামি করা হয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উল্লেখ্য, আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ছিলেন।