রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক ঘটনায় এক যুবক ও তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ও বিকেলে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে উখিয়ার কুতুপালং এলাকার ক্যাম্প-৮ ওয়েস্টের একটি কবরস্থান থেকে মো. জুবাইর (২৩) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবাইরের বাবার নাম জব্বর মুল্লুক। তার পরিবার বর্তমানে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করছে। প্রায় তিন বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে ভাসানচর থেকে কুতুপালং ক্যাম্পে আসেন জুবাইর।
উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রশিদ উল্লাহ বলেন, গত ২৩ আগস্ট থেকে জুবাইর নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে ক্যাম্প-৮ ওয়েস্টের একটি কবরস্থান থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে শনাক্ত করেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ক্যাম্প-৮ ওয়েস্টের কবরস্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, একই দিন বিকেল ৩টার দিকে উখিয়ার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকে লেকের পানিতে পড়ে সুফাইরা বিবি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ আইয়ুবের মেয়ে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সুফাইরা পাশের লেকের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সব খবর














