Cvoice24.com

কক্সবাজারে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

সিভয়েস২৪ ডেস্ক
২২:১৩, ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজারে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় নৌকাডুবির প্রায় ২৪ ঘণ্টা পর নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সমিতিপাড়া সৈকতসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সমিতিপাড়া সৈকতের ১১ নম্বর গলির সমুদ্রপাড়ে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে চারজন পানিতে পড়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য স্থানীয়ভাবে তৈরি একটি জোড়া নৌকায় করে সাগরে ঘুরতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে চারজনই পানিতে পড়ে যান। 

পরে স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩) নামের তিনজনকে জীবিত উদ্ধার করেন। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। 

বিচ কর্মী সুপারভাইজার মাহাবুব আলম বলেন, বিকেলে সমিতিপাড়া সৈকতে মরদেহ ভেসে আসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
 

কক্সবাজার সব খবর