Cvoice24.com

বন্ধ যান চলাচল
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ছাত্র-জনতার অবরোধ

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৩:২০, ২৪ অক্টোবর ২০২৬
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ছাত্র-জনতার অবরোধ

রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাটও।

তবে অবরোধের প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কেও যান চলাচল স্বাভাবিক আছে। নৌপথে নির্ধারিত সব লঞ্চ ছেড়ে গেছে।

এদিকে, দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ বহাল রয়েছে। সেখানে পরিস্থিতি এখনো থমথমে। উজোবাজারে শনিবারও কোনো দোকানপাট খোলেনি। সড়কে টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের চলাচলে জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধও বহাল রয়েছে। অবরোধকে কেন্দ্র করে জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অবরোধের কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

পাহাড় সব খবর