মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু পর্যটক নিহত, আহত ভাই
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে টমটমের ধাক্কায় আফরিন নামে চার বছর বয়সী এক শিশু পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই আইয়ান গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন আদিনাথ জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন নরসিংদীর পলাশ উপজেলার বাসিন্দা আল আমিনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, নরসিংদী থেকে ১১ সদস্যের একটি দল নিয়ে মহেশখালীতে বেড়াতে আসেন তারা। মঙ্গলবার সকালে আদিনাথ জেটিঘাট এলাকায় পরিবারের সদস্যরা ছবি তুলছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি টমটম শিশু দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। তার ভাই আইয়ান গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর আহত শিশুটিসহ দুজনকে মহেশখালী হাসপাতালে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত টমটমচালকের নাম তাকিন। তবে এ ঘটনায় চালকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে পর্যটন এলাকায় টমটমের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং শিশু ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কক্সবাজার সব খবর















